বছর
2024
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
উৎপাদন সক্ষমতা বৃদ্ধি
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশে মসৃণ উত্তরণ কৌশল
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 31-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি মসৃণ উত্তরণ কৌশলের (এসটিএস) কর্মপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 31-Oct-26
২০২৬ সালের ১৬ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ১৮০ দিনের একটি যৌথ বিনিয়োগ সংস্কার পরিকল্পনা ঘোষণা করে। পরিকল্পনাটিতে বিনিয়োগ উন্নয়নসংক্রান্ত সংস্থাগুলো—বিডা, বেজা, বেপজা, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষ (পিপিপিএ)—একীভূত করা এবং বিনিয়োগসংক্রান্ত সেবার জন্য একটি একক সেবা প্রদানকারী প্ল্যাটফর্ম হিসেবে বাংলাবিজ (BanglaBiz) গড়ে তোলার বিষয় অন্তর্ভুক্ত ছিল।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 31-Oct-26
২০২৬ সালের ১৬ জুলাই জাতীয় সংসদে ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬ প্রণয়ন করা হয়। আইনের ৬৬ ধারার মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষের (পিপিপিএ) কার্যক্রম পরিচালনাকারী আইনগুলো রহিত করে এই তিনটি কর্তৃপক্ষ বিলুপ্ত করা হয় এবং তাদের উত্তরসূরি হিসেবে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়। তবে এই আইনের মাধ্যমে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) বিলুপ্ত করা হয়নি। আইনের ৫০ ধারায় বিনিয়োগ ও ব্যবসাসংক্রান্ত সেবা, অনুমোদন, লাইসেন্স, ছাড়পত্র ও পারমিট একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মে সমন্বিত করার বিধান রাখা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সেবা ডেস্ক স্থাপনের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
Last Update: 31-Oct-26
২০২৬ সালের ২৩ আগস্ট বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ইনভেস্ট বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। নতুন কর্তৃপক্ষটি বিনিয়োগ সহজীকরণ, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বসংক্রান্ত কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করে এবং বিনিয়োগসংক্রান্ত সেবা প্রদানের ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে বাংলাবিজের কার্যক্রম অব্যাহত রাখে।
উল্লেখ্য, বাংলাবিজ অন্তর্বর্তী সরকারের আমলেই চালু করা হয়েছিল। এর ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগ উন্নয়নসংক্রান্ত সংস্থাগুলোকে সংযুক্ত করা হয় এবং পরিবেশগত ছাড়পত্র, ভ্যাট নিবন্ধন ও অগ্নিনিরাপত্তাসংক্রান্ত লাইসেন্সসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছিল।
মতামত
-
এই সংস্কার প্রস্তাবের দুটি প্রধান লক্ষ্য রয়েছে। প্রথমত, বিনিয়োগ উন্নয়ন ও প্রসারে নিয়োজিত সংস্থাগুলোকে একটি অভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা এবং দ্বিতীয়ত, জমি, ভবন নির্মাণের অনুমোদন, অগ্নিনিরাপত্তা, পরিবেশগত বিধিবিধান পরিপালন ও করসংক্রান্ত সেবাগুলোকে একটি ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) ব্যবস্থার আওতায় আনা। এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সংস্কারটির বাস্তবায়ন এখনো সম্পূর্ণ হয়নি।
ইনভেস্ট বাংলাদেশ উদ্যোগটি প্রাতিষ্ঠানিক সমন্বয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এর আওতা প্রাথমিক পরিকল্পনার তুলনায় সীমিত। সংস্কারের প্রাথমিক পরিকল্পনায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-সহ বিনিয়োগ উন্নয়নে নিয়োজিত সব প্রধান সংস্থাকে একীভূত করার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বেপজাকে এই উদ্যোগের বাইরে রাখা হয়। ফলে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কার্যক্রম পরিচালনাকারী বিনিয়োগকারীদের এখনো পৃথক নিবন্ধন ও অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করতে হচ্ছে।
প্রস্তাবিত পাঁচটি সেবার ক্ষেত্রে বাস্তবায়নের অগ্রগতি সমান নয়। অগ্নিনিরাপত্তা ও পরিবেশগত বিধিবিধান পরিপালনসংক্রান্ত সেবায় সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে। উভয় সেবাই বাংলাবিজের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং বর্তমানে অগ্নিনিরাপত্তাসংক্রান্ত লাইসেন্সের আবেদন ও প্রক্রিয়াকরণ সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হচ্ছে। ই-টিআইএন ও ভ্যাট নিবন্ধনের সুবিধা যুক্ত করার মাধ্যমে কর প্রশাসনের সেবাও আংশিকভাবে সমন্বিত হয়েছে। তবে ভবন নির্মাণের অনুমোদন প্রক্রিয়া এখনো বিভিন্ন ব্যবস্থার মধ্যে বিভক্ত রয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাংলাবিজের পরিবর্তে নিজস্ব প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা ডিজিটাল করার কাজ করছে। অন্যদিকে, ঢাকার বাইরের উন্নয়ন কর্তৃপক্ষগুলো এখনো ডিজিটাল সেবা চালুর প্রাথমিক পর্যায়ে রয়েছে। অনাপত্তিপত্র (এনওসি) প্রদান এবং পরিদর্শন কার্যক্রমও মূলত সনাতন পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। অর্থনৈতিক অঞ্চলের বাইরে বিনিয়োগকারীদের জন্য জমিসংক্রান্ত সেবা প্রায়ই অন্যতম বড় বাধা হয়ে দাঁড়ায়। অথচ ভূমি প্রশাসনের সেবাগুলো এখনো জনসাধারণের ব্যবহারযোগ্য কোনো সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হয়নি। সামগ্রিকভাবে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রক্রিয়া এখনো পৃথকভাবে পরিচালিত হচ্ছে। ফলে বাংলাবিজ বর্তমানে সেবা গ্রহণের একটি অভিন্ন প্রবেশপথ তৈরি করলেও প্রকৃত অর্থে সমন্বিত সেবা প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে পারেনি। এই চ্যালেঞ্জের ব্যাপকতাও উল্লেখযোগ্য। একটি উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান চালু করতে সাধারণত ১৯টি লাইসেন্স, ১৫৪টি সহায়ক নথি, প্রায় ১৬টি সংস্থার সঙ্গে যোগাযোগ এবং কার্যক্রম শুরু করার জন্য ৩৫১ থেকে ৪৫৭ দিন প্রয়োজন হয়।
আইনগত বাধ্যবাধকতা কার্যকর করার ব্যবস্থাও এখনো দুর্বল রয়েছে। সরকারি সেবা পোর্টালগুলো একীভূত করার জন্য আইনের আওতায় কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। অন্যদিকে, সব পোর্টালের সমন্বয় ২০৩০ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে নেওয়া একটি প্রকল্পের ওপর নির্ভরশীল রয়েছে। সাত দিনের মধ্যে লাইসেন্স প্রদান এবং নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য করার ব্যবস্থা বা ‘ডিমড অ্যাপ্রুভাল’-এর মতো গুরুত্বপূর্ণ সংস্কারগুলো এখনো নীতিগত প্রস্তাবের পর্যায়ে রয়েছে। এগুলো আইনগতভাবে বাধ্যতামূলক করা হয়নি। এ ছাড়া কোন সেবা বা সংস্থার আবেদন নিষ্পত্তিতে কত সময় লাগছে, সে সম্পর্কেও প্রকাশ্যে কোনো তথ্য পাওয়া যায় না। ফলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ সীমিত রয়েছে।
সংস্কারটির মূল লক্ষ্য অর্জনের জন্য কয়েকটি পদক্ষেপকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে বেপজাকে অভিন্ন সেবা ও তথ্য ব্যবস্থাপনার মানদণ্ডের আওতায় আনার জন্য সুস্পষ্ট সময়সূচি নির্ধারণ, সব সেবা পোর্টাল সমন্বয়ের জন্য বাধ্যতামূলক সময়সীমা নির্ধারণ, ভবন নির্মাণের অনুমোদন, অনাপত্তিপত্র ও পরিদর্শনসংক্রান্ত সেবাগুলো বাংলাবিজের আওতায় আনা এবং বিনিয়োগকারীদের জন্য জমি বরাদ্দ ও ভূমি ব্যবহারসংক্রান্ত ডিজিটাল সেবা চালু করা। পাশাপাশি সাত দিনের মধ্যে লাইসেন্স প্রদানের বাধ্যবাধকতা এবং নির্ধারিত সময়ে সিদ্ধান্ত না এলে স্বয়ংক্রিয় অনুমোদনের বিধান আইনে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এসব ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতে পাঁচটি সেবা খাতের প্রতিটি সেবার আবেদন নিষ্পত্তিতে প্রয়োজনীয় সময় প্রকাশের জন্য একটি উন্মুক্ত কার্যসম্পাদন পর্যবেক্ষণ ড্যাশবোর্ডও চালু করা উচিত। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে বর্তমান ব্যবস্থাটি কেবল সেবা গ্রহণের একটি অভিন্ন প্রবেশপথ হিসেবে সীমাবদ্ধ না থেকে প্রকৃত অর্থে একটি সমন্বিত ওয়ান-স্টপ সেবা ব্যবস্থায় রূপ নিতে পারবে।