একটি জাতীয় উপাত্তভাণ্ডারের (national database) মাধ্যমে জিনগত সম্পদ ও ঐতিহ্যগত জ্ঞান নথিভুক্তকরণ এবং ভৌগোলিক নির্দেশক (GI) সনদপ্রাপ্ত পণ্যের বাণিজ্যিকীকরণ ও সুফল-অংশীদারিত্ব (benefit-sharing) ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে পণ্যের বাজারমূল্য বৃদ্ধি করা।

বছর
2024
রিফর্ম ডোমেইন
এলডিসি থেকে উত্তরণ এলডিসি থেকে উত্তরণ
উপ-ডোমেইন
রপ্তানি বহুমুখীকরণ ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশে মসৃণ উত্তরণ কৌশল
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়িত
বাস্তবায়িত
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 31-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি মসৃণ উত্তরণ কৌশলের (এসটিএস) কর্মপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, তবে এখনো এর বাস্তবায়ন শুরু হয়নি।
মতামত
    বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন ব্যবস্থা এখনো বিভিন্ন আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে বিভক্ত। এ ক্ষেত্রে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ এবং বাংলাদেশ জীববৈচিত্র্য আইন, ২০১৭-সহ একাধিক আইন প্রযোজ্য। নিবন্ধিত জিআই পণ্যের সংখ্যা ৬৪টিতে পৌঁছালেও নিবন্ধন ব্যবস্থা এখনো মূলত সরকারনির্ভর। অধিকাংশ আবেদন সরকারি সংস্থার মাধ্যমে করা হয় এবং হাজারী গুড়ের মতো পণ্য উৎপাদক সমিতির পরিবর্তে জেলা প্রশাসকদের নামে নিবন্ধিত হয়েছে। ফলে জিআই স্বীকৃতিকে উৎপাদক ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুফলে রূপান্তর করার প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি।
    জিআই ব্যবস্থায় এখনো উল্লেখযোগ্য কিছু দুর্বলতা রয়েছে। জিআই পণ্যের জন্য কোনো সরকারি লোগো, অনুমোদিত ব্যবহারকারী ব্যবস্থা, পণ্যের উৎপত্তি ও সরবরাহের ধাপ শনাক্ত করার ব্যবস্থা কিংবা মান সনদ প্রদানের কাঠামো নেই। অনুমোদিত ব্যবহারকারীদের তথ্যও প্রকাশ্যে পাওয়া যায় না এবং বাংলাদেশের কোনো জিআই পণ্য এখনো আন্তর্জাতিক বাজারে জিআই পরিচয়ে প্রতিষ্ঠিত হতে পারেনি। আন্তর্জাতিক পর্যায়েও এসব পণ্যের সুরক্ষা সীমিত। বাংলাদেশ জিআই পণ্যের আন্তর্জাতিক নিবন্ধনের কাঠামো প্রদানকারী লিসবন চুক্তি বা এর জেনেভা আইনের সদস্য নয়। সাম্প্রতিক বাণিজ্য চুক্তিগুলো জিআই স্বীকৃতি নিয়ে আলোচনার সুযোগ তৈরি করলেও এগুলোর মাধ্যমে বাংলাদেশের জিআই পণ্য বিদেশে স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষা পায় না। এ ছাড়া জিআই ব্যবস্থাপনায় উৎপাদক ও কারুশিল্পীদের সীমিত প্রতিনিধিত্ব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
    জিনগত সম্পদ ও ঐতিহ্যগত জ্ঞান নথিভুক্ত করার ক্ষেত্রেও অগ্রগতি আংশিক রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন পৃথক জিন ব্যাংক ও গবেষণা প্রতিষ্ঠানে জিনগত সম্পদের সংগ্রহ সংরক্ষিত হচ্ছে। তবে এসব সংগ্রহের তথ্য একত্র করার জন্য কোনো সমন্বিত জাতীয় তথ্যভান্ডার নেই। অন্যদিকে, ঐতিহ্যগত জ্ঞানের বড় অংশ এখনো নথিভুক্ত হয়নি এবং অনেক ক্ষেত্রে তা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মৌখিকভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়িয়ে পড়ে। ফলে পেটেন্ট আবেদন যাচাইয়ের সময় এসব জ্ঞানকে প্রমাণ হিসেবে ব্যবহার করা কিংবা এর অননুমোদিত ব্যবহার ও আত্মসাৎ প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে।
    জাতীয় জিন ব্যাংকও এখনো এই সমস্যার সমাধান করতে পারেনি। প্রস্তাবিত জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতি ২০২৪ সাল থেকে পর্যালোচনাধীন রয়েছে। নীতিটির মূল গুরুত্ব জিনগত সম্পদের সরাসরি সংরক্ষণের ওপর, বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সমন্বয় কিংবা স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান নথিভুক্ত করার ওপর নয়। জিনগত সম্পদ ব্যবহারের অনুমতি ও তা থেকে অর্জিত সুফল বণ্টনের জন্য ২০১৭ সাল থেকেই একটি আইনি কাঠামো রয়েছে, যা ২০২৩ সালে বাংলাদেশের নাগোয়া প্রটোকল অনুসমর্থনের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। তবে সুফল বণ্টনের কার্যকর পদ্ধতি কিংবা অনুমোদিত সম্পদ ব্যবহারের চুক্তি সম্পর্কে প্রকাশ্যে কোনো তথ্য পাওয়া যায়নি। সমালোচকেরা আরও উল্লেখ করেছেন যে, বিদ্যমান আইনি কাঠামোয় আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর সম্মতি গ্রহণের বিষয়টি স্পষ্টভাবে বাধ্যতামূলক করা হয়নি।
    বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর এসব ঘাটতির গুরুত্ব আরও বাড়তে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মেধাস্বত্বের বাণিজ্য-সম্পর্কিত দিকসংক্রান্ত চুক্তি (ট্রিপস) পুরোপুরি পরিপালনের ফলে পেটেন্ট অধিকার আরও শক্তিশালী হবে, যার অনেকগুলোই বিদেশি প্রতিষ্ঠান বা ব্যক্তির মালিকানাধীন। এই পরিস্থিতিতে বাংলাদেশের জৈবিক সম্পদ এবং সেগুলোর সঙ্গে সম্পর্কিত ঐতিহ্যগত জ্ঞানের ওপর অন্যদের পেটেন্ট গ্রহণ প্রতিরোধে জিনগত সম্পদ ও ঐতিহ্যগত জ্ঞানের একটি সমন্বিত এবং সহজে অনুসন্ধানযোগ্য জাতীয় তথ্যভান্ডার গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। একই সঙ্গে জিআই এমন কয়েকটি মেধাস্বত্বভিত্তিক ব্যবস্থার একটি, যার মাধ্যমে বাংলাদেশের পণ্যের স্বতন্ত্র পরিচিতি প্রতিষ্ঠা এবং তুলনামূলক বেশি দাম পাওয়ার সুযোগ তৈরি করে সরাসরি পণ্যের অর্থনৈতিক মূল্য বাড়ানো সম্ভব।
    বাস্তবায়ন জোরদার করতে বাংলাদেশ একটি জাতীয় জিআই নীতি গ্রহণ করতে পারে, যেখানে সরকারি জিআই লোগো, পণ্যের উৎপত্তি ও সরবরাহের ধাপ শনাক্ত করার মানদণ্ড এবং অনুমোদিত ব্যবহারকারী ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। এই ব্যবস্থায় জেলা প্রশাসনের পরিবর্তে উৎপাদক সমিতিগুলোকে প্রাথমিক অধিকারধারী হিসেবে স্বীকৃতি দেওয়া যেতে পারে। অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের মধ্যে রয়েছে লিসবন চুক্তির জেনেভা আইনে যোগদান, জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতি চূড়ান্ত করা, প্রধান জিন ব্যাংকগুলোর সংগ্রহের তথ্য সমন্বয় করে একটি জাতীয় তথ্যভান্ডার তৈরি, সংশ্লিষ্ট জনগোষ্ঠীর পূর্বানুমতি ও অবহিত সম্মতির ভিত্তিতে ঐতিহ্যগত জ্ঞানের নিবন্ধন ব্যবস্থা গড়ে তোলা এবং জীববৈচিত্র্য আইনের আওতায় সুফল বণ্টনের কার্যকর পদ্ধতি চালু করা। এসব পদক্ষেপ সম্মিলিতভাবে বাংলাদেশের জিনগত সম্পদ, ঐতিহ্যগত জ্ঞান এবং ভৌগোলিক নির্দেশক পণ্যকে অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে আরও কার্যকরভাবে কাজে লাগাতে সহায়ক হবে।
তথ্যাবলী
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...