ঢাকা ট্যানারি শিল্পনগরীকে সম্পূর্ণরূপে কার্যকর করা।

বছর
2024
রিফর্ম ডোমেইন
এলডিসি থেকে উত্তরণ এলডিসি থেকে উত্তরণ
উপ-ডোমেইন
রপ্তানি বহুমুখীকরণ ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশে মসৃণ উত্তরণ কৌশল
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়িত
বাস্তবায়িত
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 31-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি মসৃণ উত্তরণ কৌশলের (এসটিএস) কর্মপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, তবে এখনো এর বাস্তবায়ন শুরু হয়নি।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 31-Oct-26
২০০৩ সালে সরকার হাজারীবাগ থেকে ট্যানারিগুলো স্থানান্তরের লক্ষ্যে সাভার ট্যানারি শিল্পনগরী স্থাপনের পরিকল্পনা শুরু করে। ২০১২ সালে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণের জন্য একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়, যার ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা ছিল। বারবার বিলম্বের পর ২০২১ সালের জুনে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন ঘোষণা করা হয়। এরপর সিইটিপি পরিচালনার দায়িত্ব ঢাকা ট্যানারি শিল্পনগরী বর্জ্য শোধনাগার কোম্পানি লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়। ২০২৪ সাল নাগাদ শিল্পনগরীতে ১৬২টি ট্যানারি কার্যক্রম পরিচালনা করছিল। তবে এখনো পরিচালনাগত ও পরিবেশগত সমস্যাগুলোর পুরোপুরি সমাধান হয়নি। ২০২৫ সালের নভেম্বরে শিল্পনগরীর ব্যবস্থাপনার দায়িত্ব বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কাছে হস্তান্তরের জন্য একটি রূপরেখা প্রণয়নে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শের পর কমিটি ২০২৬ সালের জানুয়ারিতে শিল্প মন্ত্রণালয়ে রূপরেখাটি জমা দেয়। ২০২৬ সালের জুলাইয়ে শিল্পমন্ত্রী জানান, ইতালীয় প্রতিষ্ঠান ইতালপ্রোজেত্তি (Italprogetti) সিইটিপির কারিগরি মূল্যায়ন সম্পন্ন করেছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, সিইটিপির বর্জ্য পরিশোধন সক্ষমতা জরুরি ভিত্তিতে ২৫ হাজার ঘনমিটারে উন্নীত করা হবে। চাহিদা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পৃথক নকশার মাধ্যমে এ সক্ষমতা প্রথমে ৪০ হাজার এবং পরবর্তীতে ৫০ হাজার ঘনমিটারে উন্নীত করা হবে। মন্ত্রী আরও জানান, ছয়টি ট্যানারিকে নিজস্ব বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে দুটি ইতোমধ্যে চালু হয়েছে।
মতামত
    সাভারের চামড়া শিল্পনগরী এমন একটি সংস্কার উদ্যোগের অন্যতম স্পষ্ট উদাহরণ, যা কাগজে-কলমে সম্পন্ন ঘোষণা করা হলেও বাস্তবে এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। চামড়া খাতের রপ্তানি সম্ভাবনা কাজে লাগানো এবং পরিবেশদূষণ বন্ধ করার জন্য একটি কার্যকর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন ব্যবস্থা প্রতিষ্ঠা শুরু থেকেই অপরিহার্য শর্ত ছিল। কিন্তু চামড়া শিল্প স্থানান্তরের পরিকল্পনা গ্রহণের দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও সেই শর্ত এখনো পূরণ হয়নি।
    ২০২১ সালের জুনে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন ঘোষণা করা হয়। তবে পরিবেশগত বিধিবিধান মেনে পরিচালিত একটি চামড়া শিল্পনগরী প্রতিষ্ঠা, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং রপ্তানি আয় বাড়ানোর মতো মূল লক্ষ্যগুলো অর্জিত হয়নি। বারবার মেয়াদ বৃদ্ধি এবং প্রকল্প ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ার ফলে তত দিনে এটি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সবচেয়ে পুরোনো প্রকল্পে পরিণত হয়েছিল। কিন্তু মেয়াদ বাড়ানোর পরও প্রকল্পের অপরিহার্য অংশগুলোর কাজ সম্পন্ন হয়নি। কেন্দ্রীয় ক্রোম পুনরুদ্ধার ইউনিট এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা অসম্পূর্ণ বা অপর্যাপ্ত রয়ে যায়। এতে বোঝা যায়, শিল্পনগরীটি বাস্তবে কার্যকর হয়েছে কি না, তার পরিবর্তে অর্থ ব্যয় ও প্রকল্প হস্তান্তরের ভিত্তিতেই বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন করা হয়েছিল।
    সর্বোচ্চ উৎপাদনের সময় কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) উৎপন্ন তরল বর্জ্যের পুরোটা পরিশোধন করতে পারেনি। ফলে আংশিক পরিশোধিত বর্জ্য ধলেশ্বরী নদীতে ফেলা হয়েছে। অর্থাৎ যে দূষণের কারণে হাজারীবাগ থেকে চামড়া শিল্প স্থানান্তর করতে হয়েছিল, সেই সমস্যার সমাধান না হয়ে দূষণটি কার্যত অন্য একটি নদীতে স্থানান্তরিত হয়েছে। সরকার ছয়টি ট্যানারিকে নিজস্ব বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের অনুমতি দিয়েছে, যার মধ্যে দুটি ইতোমধ্যে চালু হয়েছে। এই সিদ্ধান্ত কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন ব্যবস্থা কার্যকর করতে ব্যর্থ হওয়ারই একটি স্বীকৃতি হিসেবে বিবেচিত হতে পারে। একই সঙ্গে এর ফলে পরিবেশগত বিধিবিধান পরিপালনের ক্ষেত্রে দুই ধরনের পরিস্থিতি তৈরির ঝুঁকি রয়েছে। পর্যাপ্ত আর্থিক সক্ষমতাসম্পন্ন কয়েকটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থার উন্নয়ন করতে পারলেও শিল্পনগরীর বাকি প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়তে পারে।
    সাম্প্রতিক উদ্যোগগুলোর অধিকাংশই এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কাছে শিল্পনগরীর ব্যবস্থাপনা হস্তান্তরের একটি রোডম্যাপ জমা দেওয়া হয়। এ ছাড়া ইতালপ্রোজেত্তির মূল্যায়নের ভিত্তিতে সিইটিপির সক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে এসব উদ্যোগের কোনো দৃশ্যমান ফলাফল এখনো পাওয়া যায়নি। কোনোটির ক্ষেত্রেই বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা, অর্থায়ন পরিকল্পনা কিংবা জবাবদিহির কাঠামো প্রকাশ করা হয়নি। শিল্পনগরীর মৌলিক অবকাঠামোগত ও ব্যবস্থাপনাগত সমস্যাগুলোর সমাধান না করে শুধু পরিচালনার দায়িত্ব অন্য সংস্থার কাছে হস্তান্তর করা হলে সমস্যাগুলোও এক সংস্থা থেকে অন্য সংস্থায় স্থানান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে।
    বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা হারানোর দিকে এগিয়ে যাওয়ায় এই বিলম্বের অর্থনৈতিক প্রভাব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নির্ভরযোগ্য কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন ও বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা না থাকায় অধিকাংশ ট্যানারি লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজির) সনদ অর্জন করতে পারছে না কিংবা আন্তর্জাতিক ক্রেতাদের পরিবেশগত ও সামাজিক দায়বদ্ধতা যাচাইয়ের শর্ত পূরণ করতে পারছে না। ফলে খাতটি তুলনামূলক কম মূল্যের বাজারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। অথচ এলডিসি থেকে উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাজার সুবিধার পরিবর্তে আন্তর্জাতিক মান ও বিধিবিধান পরিপালনের সক্ষমতার ভিত্তিতে প্রতিযোগিতা করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই এই সংস্কারটির বাস্তবায়ন নির্ধারিত লক্ষ্য থেকে পিছিয়ে রয়েছে বলে বিবেচনা করা উচিত। একই সঙ্গে সিইটিপির সক্ষমতা উন্নয়ন এবং শিল্পনগরীর ব্যবস্থাপনা হস্তান্তরের জন্য সরকারের সুস্পষ্ট সময়সীমা নির্ধারণ করা প্রয়োজন।
তথ্যাবলী
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...