বছর
2024
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
রপ্তানি বহুমুখীকরণ ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশে মসৃণ উত্তরণ কৌশল
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 31-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি মসৃণ উত্তরণ কৌশলের (এসটিএস) কর্মপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, তবে এখনো এর বাস্তবায়ন শুরু হয়নি।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 31-Oct-26
২০০৮ সালে স্থানীয়ভাবে ওষুধের কাঁচামাল উৎপাদন বৃদ্ধি, ওষুধ খাতের পশ্চাৎপদ সংযোগ সুসংহতকরণ এবং আমদানিকৃত কাঁচামালের ওপর নির্ভরতা হ্রাসের লক্ষ্যে সরকার মুন্সিগঞ্জের গজারিয়ায় ২০০ একর আয়তনের এপিআই শিল্পপার্ক স্থাপনের অনুমোদন দেয়। শিল্পপার্কটি পরিচালনার দায়িত্ব পালন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। ২০২১ সালের জুনে প্রকল্পটি সমাপ্ত ঘোষণা করা হয় এবং ২০২২ সালের প্রথমার্ধে বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। পূর্বাহ্নে, ২০১৯ সালের ডিসেম্বরে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (CETP) নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও এতে প্রয়োজনীয় গ্যাস সংযোগ প্রদান নিশ্চিত করা যায়নি। পরবর্তীতে ২০২৫ সালের জুলাইয়ে সরকার পার্কের প্লটসমূহের সুষম ব্যবহার নিশ্চিতে বিসিক শিল্পনগরী/শিল্পপার্ক প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৩-এর অধীনে প্লট হস্তান্তর, সংমিশ্রণ ও বিনিময়ের প্রক্রিয়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। ২০২৬ সালের জানুয়ারিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ পর্যাপ্ত মজুত না থাকার অজুহাতে গ্যাস সরবরাহের কোনো নির্দিষ্ট সময়সীমা প্রদানে অপারগতা প্রকাশ করে। ততদিনে ২৬টি প্লট বরাদ্দ প্রদান করা হলেও সিংহভাগ প্লটে উন্নয়নমূলক কার্যক্রম সূচিত হয়নি এবং শোধনাগারটিও অব্যবহৃত থেকে যায়। ২০২৬ সালের সেপ্টেম্বরে বিসিকের তথ্য অনুযায়ী চারটি প্রতিষ্ঠান সেখানে কারখানা চালু করলেও শোধনাগারটি তখনও অকার্যকর অবস্থায় ছিল।
মতামত
-
পাঁচ বছর আগে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) শিল্পপার্কের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার ঘোষণা দেওয়া হলেও এটি এখনো কার্যক্রম শুরু করতে পারেনি। সেখানে সড়ক ও পাইপলাইন নির্মিত হয়েছে, কিন্তু একটি কার্যকর শিল্পপার্ক হিসেবে এটি এখনো গড়ে ওঠেনি। এপিআই উৎপাদনের জন্য গ্যাস অপরিহার্য হলেও শিল্পপার্কটিতে এখন পর্যন্ত গ্যাস সরবরাহ করা হয়নি। গ্যাসের পাইপলাইনগুলো শিল্পপ্লটের সীমানা পর্যন্ত পৌঁছেছে, যা নির্দেশ করে যে সমস্যাটি কারিগরি নয়; বরং গ্যাস বরাদ্দসংক্রান্ত একটি অমীমাংসিত সিদ্ধান্তের কারণে সরবরাহ আটকে রয়েছে। কোনো সংস্থা এই সিদ্ধান্তের দায়িত্ব নেয়নি এবং তিতাস গ্যাস প্রকাশ্যে জানিয়েছে যে গ্যাস সরবরাহের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। ফলে প্রয়োজনীয় সব অবকাঠামো, বিদ্যুৎ-গ্যাসসহ অন্যান্য পরিষেবা এবং সেবা সুবিধা নিশ্চিত করে এপিআই শিল্পপার্ককে পুরোপুরি কার্যকর করার লক্ষ্য এখনো অর্জিত হয়নি।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) দাবি অনুযায়ী, চারটি প্রতিষ্ঠান শিল্পপার্কে কার্যক্রম পরিচালনা করছে। তবে এই দাবিতে প্রকৃত অগ্রগতির চিত্র কিছুটা অতিরঞ্জিতভাবে তুলে ধরা হয়েছে। কোনো প্রতিষ্ঠানেরই গ্যাস সংযোগ নেই, কোনোটির বাণিজ্যিক পর্যায়ে উৎপাদন নিশ্চিত হয়নি এবং অন্তত একটি প্রতিষ্ঠানে কেবল পরীক্ষাগার রয়েছে। ইবনে সিনাও গ্যাস সংযোগ ছাড়াই পরীক্ষামূলক উৎপাদন চালিয়ে যাচ্ছিল। গ্যাস ছাড়া উৎপাদন চালাতে হলে প্রতিষ্ঠানগুলোকে ডিজেলের ওপর নির্ভর করতে হবে। শিল্প খাতের নেতাদের মতে, এতে উৎপাদন ব্যয় চার থেকে পাঁচ গুণ বেড়ে যায়, ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। এই বিলম্বের আর্থিক চাপ মূলত বেসরকারি বিনিয়োগকারীদের ওপর পড়ছে। প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) এখন পর্যন্ত একবারও ব্যবহার করা হয়নি। বেক্সিমকো, ফার্মাটেক এবং এসকে+এফের জন্য নতুন প্লট বিন্যাসের অনুমোদন ইতিবাচক অগ্রগতি। তবে গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে এসব উদ্যোগ উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখার পরিবর্তে শিল্পপার্কে কার্যক্রম শুরু করতে না পারা প্রতিষ্ঠানের সংখ্যাই বাড়াবে।
এ ক্ষেত্রে ঝুঁকির মাত্রা যথেষ্ট বেশি। বাংলাদেশ তার প্রয়োজনীয় এপিআইয়ের প্রায় ৮৫ শতাংশ আমদানি করে, যার আনুমানিক বার্ষিক মূল্য ১২০ থেকে ১৫০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে, প্রায় ২০০টি অত্যাবশ্যকীয় এপিআইয়ের মধ্যে দেশে মাত্র ১০ থেকে ১৫টি উৎপাদিত হয়। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর মেধাস্বত্বের বাণিজ্য-সম্পর্কিত দিকসংক্রান্ত চুক্তির (ট্রিপস) আওতায় ওষুধশিল্পের জন্য বিদ্যমান বিশেষ ছাড়ের মেয়াদ শেষ হলে প্রতিষ্ঠানগুলো আর লাইসেন্স ছাড়া পেটেন্টযুক্ত ওষুধ উৎপাদন করতে পারবে না। দেশীয় এপিআই উৎপাদন সক্ষমতা বাড়ানো হলে এলডিসি থেকে উত্তরণের পর ওষুধের দাম বেড়ে যাওয়ার ঝুঁকি কিছুটা কমানো সম্ভব হতে পারে। কিন্তু এই সময়ের মধ্যে শিল্পপার্কটিতে উল্লেখযোগ্য পরিমাণে উৎপাদন শুরু না হলে বাংলাদেশকে বর্তমানের মতো একই মাত্রার আমদানিনির্ভরতা নিয়েই এলডিসি থেকে উত্তরণের পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
তথ্যাবলী