বছর
2024
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও বাণিজ্যিক অগ্রাধিকারমূলক সুবিধা ও অনুকূল উত্তরণকালীন ব্যবস্থা অনুসন্ধান ও নিশ্চিতকরণ
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশে মসৃণ উত্তরণ কৌশল
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 31-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি মসৃণ উত্তরণ কৌশলের (এসটিএস) কর্মপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 31-Oct-26
বাংলাদেশ আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিতে (আরসিইপি) যোগদানের লক্ষ্যে কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে। ২০২৬ সালের ২২ জুন প্রধানমন্ত্রীর সরকারি মালয়েশিয়া সফরকালে দেশটি আরসিইপিতে যোগদানের বিষয়ে বাংলাদেশের আগ্রহের প্রতি সমর্থন জানায়।
পরবর্তীতে বাংলাদেশ আরসিইপিতে যোগদানের জন্য ২৩ জুলাই সিঙ্গাপুর, ১১ আগস্ট নিউজিল্যান্ড এবং ১৩ আগস্ট অস্ট্রেলিয়ার সমর্থন চায়। বাংলাদেশ আরসিইপিতে যোগদানসংক্রান্ত প্রশ্নমালাও পূরণ করে জমা দেয়। ২১ সেপ্টেম্বর আরসিইপিভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীরা বাংলাদেশের যোগদানসংক্রান্ত পরবর্তী আলোচনা এগিয়ে নিতে একটি বিশেষ যোগদানবিষয়ক কার্যদল (Ad Hoc Accession Working Group) গঠনের অনুমোদন দেন।
আরসিইপির পাশাপাশি বাংলাদেশ অন্যান্য বাণিজ্য অংশীদারদের সঙ্গেও দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি অর্জন করেছে। ২০২৬ সালের অক্টোবরের মধ্যে সিঙ্গাপুরের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে চার দফা আলোচনা সম্পন্ন হয়। ২৭ অক্টোবর বাংলাদেশ ও মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে এফটিএ নিয়ে আলোচনা শুরু করে এবং আলোচনার কাঠামো নির্ধারণে একটি কার্যপরিধিসংক্রান্ত দলিল (Terms of Reference) স্বাক্ষর করে। ২০২৬ সালের ৪ আগস্ট প্রকাশিত সংবাদ অনুযায়ী, পাঁচ দফা আলোচনার পর বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) স্বাক্ষর করে। সংবাদে উল্লিখিত চুক্তি অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় রপ্তানি করা বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য এবং বাংলাদেশে রপ্তানি করা দক্ষিণ কোরিয়ার ৮৭ শতাংশ পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। চুক্তিতে সেবা বাণিজ্যসংক্রান্ত প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত রয়েছে, যার আওতায় বাংলাদেশ ৯৫টি উপখাত এবং দক্ষিণ কোরিয়া ১১১টি উপখাত উন্মুক্ত করবে।
মতামত
-
আরসিইপি এর বাইরেও বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যবস্থায়, বিশেষ করে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সঙ্গে, অগ্রগতি অর্জন করেছে। এসব উদ্যোগ বাণিজ্যিক সম্পৃক্ততা সম্প্রসারণের ইঙ্গিত দিলেও টেকসই অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকার নিশ্চিত করতে চলমান চুক্তিগুলোর সমাপ্তি ও বাস্তবায়ন এবং আরসিইপিতে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করা এখনো অপরিহার্য।
আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে যোগ দিতে হলে একটি আবেদনকারী দেশকে কঠোর অন্তর্ভুক্তি-শর্ত পূরণ করতে হয় এবং ‘ডব্লিউটিও-প্লাস’ বাণিজ্য বাধ্যবাধকতা মেনে চলার সক্ষমতা প্রদর্শন করতে হয়। আসিয়ান সচিবালয় কর্তৃক গৃহীত ‘আরসিইপি চুক্তিতে অন্তর্ভুক্তির কার্যপ্রণালি’ (Procedures for Accession to the RCEP Agreement) অনুযায়ী, এসব শর্তকে মোটাদাগে দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে: প্রক্রিয়াগত বিধি এবং বাজার-সংক্রান্ত মৌলিক প্রতিশ্রুতি।
প্রক্রিয়াগত বিধির অংশ হিসেবে বাংলাদেশ বর্তমানে আরসিইপি সাপোর্ট ইউনিট প্রণীত কারিগরি প্রশ্নমালার পূর্ণাঙ্গ উত্তর প্রস্তুতের কাজ করছে। এসব প্রশ্নমালার উদ্দেশ্য হলো দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক কাঠামো, বাণিজ্যনীতি এবং নিয়ন্ত্রক প্রস্তুতি মূল্যায়ন করা। এ ধাপের পর আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তি-সংক্রান্ত আলোচনা শুরুর আগে আরসিইপি যৌথ কমিটি (আরজেসি) ও আরসিইপি মন্ত্রীদের পূর্ণ (শতভাগ) ঐকমত্যে পৌঁছাতে হবে। এই সর্বসম্মতির শর্তের মাধ্যমে নিশ্চিত করা হয় যে আরসিইপির সব বিদ্যমান সদস্যরাষ্ট্র আবেদনকারী দেশের অগ্রসর হওয়ার প্রস্তুতির বিষয়ে একমত।
মৌলিক প্রতিশ্রুতির ক্ষেত্রে বাংলাদেশকে আরসিইপি চুক্তির ২০টি অধ্যায় বাস্তবায়নে তাৎক্ষণিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা প্রদর্শন করতে হবে। এর মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে উল্লেখযোগ্য মাত্রায় শুল্ক উদারীকরণ, প্রমিত উৎস বিধি (রুলস অব অরিজিন) গ্রহণ, সেবা ও বিনিয়োগ খাতে বৃহত্তর উন্মুক্ততা এবং বিশেষত মেধাস্বত্ব সুরক্ষা ও কাস্টমস ব্যবস্থার আধুনিকায়নের মতো ক্ষেত্রে নিয়ন্ত্রক কাঠামোর সমন্বয়। উল্লেখ্য, বর্তমানে আরসিইপির কয়েকটি সদস্যদেশ বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করলেও সদস্যপদ প্রাপ্তি নিশ্চিত নয়। আরসিইপিতে বাংলাদেশের যোগদানের জন্য আইনগতভাবে অন্তর্ভুক্তির শর্তাবলির বিষয়ে ঐকমত্য এবং সব পক্ষের প্রযোজ্য অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়া আবশ্যক।
তথ্যাবলী