বছর
2026
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 10-Sep-26
এই প্রতিশ্রুতিটি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা হয়েছে। নির্বাচনী ইশতেহারে বিএনপি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, “আমাদের আগামী দিনের লক্ষ্যটাই হবে যাদের মাঝে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে (যেমন: কেউ কেরাত পাঠে ভালো, কেউ সংস্কৃতির কোনো বিষয়ে ভালো, কেউ অঙ্ক ও ইংরেজিতে ভালো কিংবা কেউ খেলাধুলায় ভালো), এই প্রতিভাবানদেরকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা এবং তাদের প্রতিভা বিকাশের পথকে উন্মুক্ত করে দেয়া”।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 10-Sep-26
২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি, শিক্ষা মন্ত্রণালয়ের ১২ দফা সংস্কার কর্মসূচির কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, যা তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সংস্কারের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সহযোগিতায় স্কুল পর্যায়ে একটি কাঠামোবদ্ধ ক্রীড়া প্রশিক্ষণ ব্যবস্থা চালুর কথা বলা হয়। এর মধ্যে সাপ্তাহিক ক্রীড়া ক্লাস, প্রতিভা অন্বেষণ কর্মসূচি এবং উপজেলা ও জেলা পর্যায়ে স্কুল চ্যাম্পিয়নশিপ বা লিগ আয়োজনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
এর ধারাবাহিকতায়, ২০২৬ সালের ১৬ মার্চ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করা এবং তাদের সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হবে।
২০২৬ সালের ৮ জুন, শিক্ষাক্রম-সংক্রান্ত আরও কিছু পদক্ষেপের কথা জানানো হয়। ওই দিন এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের বিকাশের লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রমে সংশোধন আনা হচ্ছে। এর আওতায় চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণি থেকে লার্নিং ওইথ হ্যাপিনেস চালু করা হবে, যা ২০২৭ শিক্ষাবর্ষ থেকে বাস্তবায়নের কথা রয়েছে। পরবর্তীতে, ১৩ আগস্ট প্রধানমন্ত্রী সারা দেশে গণিত শিক্ষা ও অলিম্পিয়াড কার্যক্রম সম্প্রসারণে সরকারি সহায়তার প্রতিশ্রুতি দেন।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 10-Sep-26
২০২৬ সালের ২১ এপ্রিল, ক্রীড়া পরিদপ্তর “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি নির্দেশিকা ২০২৬ প্রকাশ করে। এই নির্দেশিকায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রমের প্রসার এবং ১২–১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিভা বিকাশের জন্য একটি বিস্তারিত কাঠামো দেওয়া হয়েছে।
নির্দেশিকায় আটটি খেলা অন্তর্ভুক্ত রয়েছে: ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট। এতে অংশগ্রহণকারীদের যোগ্যতার মানদণ্ড, বয়সসীমা, নিবন্ধন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, সত্যায়ন, শৃঙ্খলামূলক ব্যবস্থা, ভুল তথ্য দেওয়ার ক্ষেত্রে শাস্তি, খেলাভিত্তিক নিয়ম এবং পুরস্কারের বিষয়ও উল্লেখ করা হয়েছে। নির্দেশিকায় প্রতিযোগিতার একটি কাঠামোবদ্ধ ধাপ নির্ধারণ করা হয়েছে, যা ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ের দল থেকে শুরু হয়ে উপজেলা, জেলা, আঞ্চলিক এবং জাতীয় পর্যায় পর্যন্ত যাবে। পাশাপাশি, কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতীয়, জেলা, উপজেলা এবং সিটি শিক্ষা-থানা পর্যায়ে বাস্তবায়ন কমিটি গঠনের কথাও বলা হয়েছে, যা কর্মসূচি পরিচালনার জন্য একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করেছে। ২০২৬ সালের ২০ জুলাই, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭-এ সহযোগিতা করার নির্দেশ দেয়।
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
Last Update: 10-Sep-26
২০২৬ সালের ২ মে, সরকার দেশব্যাপী ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি হিসেবে আনুষ্ঠানিকভাবে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ চালু করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর এই কর্মসূচির বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করে। ২০২৬ সালের ২৭ জুলাইয়ের মধ্যে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২৬-এর প্রথম আসরের উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের কার্যক্রম সম্পন্ন হয়। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই কর্মসূচিতে এক লাখের বেশি শিশু-কিশোর অংশগ্রহণ করে।
পৃথকভাবে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কুরআন ও সীরাত প্রতিযোগিতা ২০২৬-এরও আয়োজন করা হয়। ২০২৬ সালের ১৫ জুন, ইসলামিক ফাউন্ডেশন একটি সরকারি স্মারক জারি করে, যেখানে ২৬ জুন আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠেয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজনসংক্রান্ত বিস্তারিত উল্লেখ করা হয়। স্মারকে আরও বলা হয়, বিচারকার্য শেষে জাতীয় পর্যায়ের বিজয়ীদের নাম প্রকাশ করা হবে এবং প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হবে।
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭-এর নতুন মৌসুমের নিবন্ধন ২০২৬ সালের ১ জুলাই শুরু হয় এবং ৩১ আগস্ট পর্যন্ত চলার কথা ছিল। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা সেপ্টেম্বর থেকে শুরু করার পরিকল্পনা করা হয়। প্রথম আসরে আটটি খেলা থাকলেও নতুন আসরে ভলিবল ও টেনিস—এই দুটি নতুন খেলাসহ মোট ১০টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন ক্রীড়া বিষয় ও পাঠ্যপুস্তক চালুর পরিকল্পনা রয়েছে।
মতামত
-
এই প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে, বিশেষ করে নতুন কুঁড়ি স্পোর্টস এবং জাতীয় হিফজুল কুরআন ও সীরাত প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে। এছাড়া, শিক্ষাক্রম-সংশ্লিষ্ট উদ্যোগও এগিয়ে যাচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণিতে লার্নিং ওইথ হ্যাপিনেস চালুর পরিকল্পনা রয়েছে, আর শিক্ষাক্রমে আরও বিস্তৃত পরিবর্তন ২০২৮ সালে বাস্তবায়নের কথা রয়েছে। সরকার গণিত এবং প্রতিভা বিকাশের অন্যান্য ক্ষেত্রেও অতিরিক্ত কিছু পদক্ষেপ নিয়েছে।
তথ্যাবলী
- "নতুন কুঁড়ি স্পোর্টস"-কর্মসূচির নির্দেশিকা-২০২৬
- “Notun Kuri Sports” to be launched to haunt grassroots talented athletes
- DSHE directs secondary schools to assist in Notun Kuri Sports event
- DSHE orders scientific lifestyle, mental health programme in all educational institutions
- Edu ministry unveils 12-point reform agenda for three phases
- Four new subjects to be introduced in primary and secondary levels next year
- Implementation of the Notun Kuri National Hifz-ul-Quran and Seerat Competition 2026.
- Notun Kuri - Website
- PM distributes prizes among winners of Notun Kuri Sports
- PM pledges support to expand mathematics education, olympiad activities
- Schools to get new curriculum in 2028, says education minister
- জাতীয় বাজেট ২০২৬-২৭
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬